নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আবাসন সহায়তা কর্মসূচির আওতায় নতুন ঘর পেলেন পলিনুস রেমা নামের এক আদিবাসী ব্যক্তি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর বিশেষ উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এই ঘর নির্মাণ করা হচ্ছে।
সোমবার (৮ জুন) উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বালুচরা গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।
ঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী সাংমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সরকারের মহৎ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে আবাসন সমস্যায় ভুগছিলেন পলিনুস রেমা। আজ নতুন ঘর নির্মাণের মাধ্যমে তার দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হলো।”
নিজের একটি স্থায়ী ও সুরক্ষিত ঘরের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগী পলিনুস রেমা। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নিজস্ব বাসযোগ্য ঘর পাওয়ার আশা আমার অনেকদিনের ছিল। আজ সরকারের পক্ষ থেকে আমার সেই আশা পূরণ হলো। আমি সরকার এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মিকাইল ইসলাম বলেন, “সরকারের বিশেষ কর্মসূচীর আওতায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবনমান আরও উন্নত হবে এবং তারা সমাজের মূল স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, গন্যমাণ্য ব্যক্তি মজিবুর রহমান, বিশিষ্ট আদিবাসী নেতা ভূতুয়েল চিসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
পড়ুন : ভুরুঙ্গামারির অগ্নিকান্ডের ঘটনায় চেক বিতরণ করলো জেলা পরিষদের প্রশাসক


