বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন রোধ, মাদক চোরাচালান বন্ধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। তিনি বলেন, সীমান্তে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে এবং সন্দেহভাজন কাউকে দেখলেই নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে।
রোববার বিকেলে উপজেলার হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসএফের পুশইন চেষ্টা ও কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা প্রদানসহ সীমান্ত অপরাধ দমনে এ সভার আয়োজন করা হয়। এসময় ধরঞ্জি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় হাটখোলা বিওপির সুবেদার মোতালেব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো বিজিবি অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করছে। সীমান্তে বসবাসকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, সীমান্তের সমস্যা শুধু বিজিবির পক্ষে সমাধান করা সম্ভব নয়, এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে এবং মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন।
এর আগে, ইউএনও উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারেও অনুরূপ মতবিনিময় সভা করেন। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : অসচ্ছল সাদিয়ার পাশে ‘মানবতার দুর্গ’, স্বাবলম্বী করতে দেওয়া হলো সেলাই মেশিন


