নারায়ণগঞ্জে প্রিপেইড মিটারের সংযোগ বাতিলের প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, মহিউদ্দিন মাহমুদ, বদরুল হক, জাহাঙ্গীর আলম পোকন, মাহমুদ হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি না মানা হলে নারায়ণগঞ্জের সকল গ্রাহকদের সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন তারা। কোন অবস্থাতে প্রিপেইড মিটার স্থাপন করতে দেয়া হবেনা বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা বাড়বে। তাই অবিলম্বে এ ধরনের মিটার স্থাপন বন্ধ করার দাবি জানান তারা। এটা বন্ধ করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। জোরপূর্বক গ্রাহকদের ওপর এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না।
প্রিপেইড মিটারে মাঝেমধ্যে ভুতুড়ে বিল আসে। কারিগরি ত্রুটি দেখা দেয় ব্যালেন্স না দেখা যাওয়া, রিচার্জ করার পরও ইউনিট না পাওয়া, সার্ভার সমস্যায় অকেজো হয়ে যাওয়া ইত্যাদি। মিটার নষ্ট হলে বদলি হিসেবেও প্রিপেইড মিটার নিতে বাধ্য করা হচ্ছে। রিচার্জ করার সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কাটা হচ্ছে। বয়স্ক ও অশিক্ষিতদের জন্য এ মিটার ব্যবহার জটিল হয়ে পড়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসী কঠোর আন্দোলনে নামবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা ডিপিডিসির দক্ষিণের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে প্রধান ফটক লাগিয়ে দেয় ডিপিডিসির কার্যালয়ের প্রহরীরা। এসময় আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কিছুসংখ্যক নেতাকর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। এসময় তারা স্লোগান সহকারে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপিডিসির প্রধান প্রকৌশলী কামাল হোসেন এর কাছে স্মারকলিপি প্রধান করেন। এসময় তারা প্রিপেইড মিটারের অপকারিতা সম্পর্কে তাকে অবহিত করে প্রিপেইড মিটার জনগণের উপর চাপিয়ে দেয়া হলে সেটা প্রতিরোধ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
পড়ুন- সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগ


