নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাবিল উদ্দীন ও তার সহকারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অফিসে দেরিতে আসার অভিযোগ করে আসছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, তিনি ও তার সহকারী নিয়মিত সরকারি অফিস সময় মেনে চলেন না। প্রায়ই নির্ধারিত সময়ের অনেক পরে কর্মস্থলে আসেন এবং আগেভাগেই চলে যান। সম্প্রতি তিনি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কর্মস্থলে উপস্থিত হন বলে অভিযোগ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান হাবিল উদ্দীন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ক্যামেরায় হাত দিয়ে ধারণকাজ বন্ধ করার চেষ্টাও করেন।
ঘটনাটি নিয়ে নাগরিক টিভিতে সংবাদ প্রচারের পর উপজেলা স্বাস্থ্য প্রশাসন বিষয়টি আমলে নেয়। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য
ও প:প: কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব হাবিল উদ্দীন ও তার সহকারীর বিরুদ্ধে শোকজ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এলাকাবাসীর দাবি, শুধু শোকজ দিয়েই বিষয়টি শেষ করা যাবে না। দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি হোসেনপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাবিল উদ্দীনের বদলির দাবিও জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, একজন সরকারি স্বাস্থ্যকর্মীর এমন অনিয়ম ও দায়িত্বহীনতায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
পড়ুন- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


