গ্রামের ছোটখাটো বিরোধ সহজে ও দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম গ্রাম আদালত। এই সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা সমন্বয়কারী কামরুল ইসলাম গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ সেবা সম্পর্কে মানুষের জানাশোনা বাড়াতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে থানার পুলিশ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ মোট ১৯ জন অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে আদালতমুখী মামলার সংখ্যা কমবে এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে মানুষের আস্থা ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
পড়ুন:টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দেখুন:জমি বিক্রি করে ৭.৫ কি. মি. জার্মান পতাকা বানালেন আমজাদ!
ইমি/


