শিক্ষার্থীদের খেলাধুলা, সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জঙ্গল সলিমপুরের আলীনগরে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার পুলিশ সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে উৎসবমুখর পরিবেশে মাঠে নামে। খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস এবং দর্শকদের ব্যাপক আগ্রহ। শিক্ষার্থীদের দুর্দান্ত নৈপুণ্য ও খেলাধুলার প্রতি তাদের গভীর অনুরাগ উপস্থিত সকলকে মুগ্ধ করে। খেলা উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান অনুষঙ্গ। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক এমন জনকল্যাণমূলক এবং শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে চট্টগ্রাম জেলা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা করেন। এ উদ্যোগকে তারা তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
দেখুনঃ
ইমি/


