মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) রেকর্ড গড়েছে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার মূল্যে বিক্রি করে মোট ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ আইপিও হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার আরও কাছাকাছি পৌঁছে গেছেন। বর্তমান শেয়ারমূল্য বজায় থাকলে তিনি এই অনন্য মাইলফলক স্পর্শ করতে পারেন।
স্পেসএক্স বাজারে ৫৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার শেয়ার ছেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির মোট মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারে, যা আইপিও ইতিহাসে নতুন রেকর্ড।
গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, প্রতিষ্ঠানটি শেয়ারের মূল্য ১৩৫ ডলার নির্ধারণ করেছে।
এই আইপিওর মাধ্যমে স্পেসএক্স সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৯ সালে আরামকো আইপিও থেকে ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।
শুক্রবার প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরু হলে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হবে। ইতোমধ্যে এর বাজারমূল্য জেপি মরগান চেজ, বার্কশায়ার হ্যাথওয়ে, এলি লিলি, মেটা এবং টেসলার মতো প্রতিষ্ঠানের মূল্যায়নকে ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পরই কোম্পানিটির প্রকৃত মূল্যায়ন শুরু হবে। নিউইয়র্কভিত্তিক ৫০ পার্ক ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী অ্যাডাম সারহান বলেন, প্রথম দিনের লেনদেনের চেয়ে পরবর্তী কয়েক সপ্তাহে বিনিয়োগকারীরা শেয়ারটিকে কীভাবে গ্রহণ করে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
তবে বাজার বিশ্লেষকদের একাংশের ধারণা, কোম্পানিটির শেয়ারের মূল্য তুলনামূলকভাবে বেশি। কারণ এখনো প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জন করতে পারেনি। পাশাপাশি তাদের আয়ের বড় অংশ আসে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা থেকে।
স্পেসএক্স জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সক্ষমতা বাড়াতে তারা সম্প্রতি গুগল ক্লাউডের সঙ্গে দীর্ঘমেয়াদি ক্লাউড সেবা চুক্তি করেছে।
২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্সের লক্ষ্য মানবজাতির জন্য বিভিন্ন গ্রহে বসবাসের সুযোগ তৈরি করা। কোম্পানির দাবি, তাদের সম্ভাব্য বাজারের আকার ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্ভাবনাময় বাজার।
পড়ুন: আজ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী


