গুয়াদালাহারার আক্রন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে গ্যালারির অসংখ্য খালি আসন।
বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে আক্রন স্টেডিয়াম আকারে দ্বিতীয় ক্ষুদ্রতম হলেও পুরো স্টেডিয়াম পূর্ণ করা সম্ভব হয়নি। ম্যাচটির জন্য নিচের স্তরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫০০ ডলার। সাইডলাইনের ওপরের সারির আসনের দাম ছিল ৪০০ ডলার, আর হসপিটালিটি সিট কিনতে গুনতে হয়েছে ৫ হাজার ডলারেরও বেশি।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, প্রতিযোগিতার জন্য ৬০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের আগ্রহ ছিল নজিরবিহীন। তবে মাঠের বাস্তব চিত্র সেই দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।
ফিফার তথ্য অনুযায়ী, ম্যাচটিতে উপস্থিত দর্শকসংখ্যা ছিল ৪৪ হাজার ৯৮৫ জন। যেখানে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ৬৬৪। তবে ঘোষিত সংখ্যা বিক্রি হওয়া টিকিটের নাকি প্রকৃত উপস্থিত দর্শকের হিসাব—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।
চেকিয়া দেরিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় তাদের সমর্থকদের উপস্থিতি ছিল সীমিত। এছাড়া গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হওয়া দলগুলোর মধ্যে থাকায় দেশটির সমর্থকদের মাঠে আসার সংখ্যাও কম ছিল।
তবে দর্শক উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হলেও ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিনটি গোল উপভোগ করেন দর্শকরা। এক গোল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
পড়ুন: আজও হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, যেভাবে দেখবেন
আর/


