নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পশুখাদ্য বহনকারী ঢাকা মেট্রো-ট ১২-৪৬৯২ নম্বরের একটি ট্রাক কেওঢালা ইউটার্ন এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার আহত হন। ধাক্কা খাওয়া ট্রাকটি পরে ঘটনাস্থল ত্যাগ করে।
আহত চালক সজিব (২৫) যশোর সদর উপজেলার বাসিন্দা। অপর আহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে বন্দর থানার ধামগড় ফাঁড়ির এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মদনপুরের আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই আনজিল জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


