কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো ই-মেইলে তার হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিত সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) সরবরাহ করতে বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইলে সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর পাঠানো নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি চাওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি সংস্থাটির একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে সংগৃহীত তথ্যের যাবতীয় গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিএফআইইউর ওই বার্তা ই-মেইলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।
রাজধানীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলার ঘটনার তদন্তে নতুন করে একটি হোটেলের ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। হামলার আগের দিন ক্যান্টনমেন্ট থানা এলাকার ওই হোটেলে বসেই পরিকল্পনাকারীরা চূড়ান্ত বৈঠক করেছিলেন বলে জানা গেছে। একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। তাঁকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ বুধবার তাঁর রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। একই মামলায় কারাগারে থাকা আরও পাঁচ আসামির রিমান্ড শুনানিও আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও, আবাসন প্রকল্পের কার্যালয়সহ কয়েকটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও লুটপাট চালায়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, মিজানুরকে সোমবার মাটিকাটা এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে রাতে তাঁকে থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
এমপির বিবৃতি
জামাতা মিজানুর রহমানের গ্রেপ্তার এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংসদ সদস্য আব্দুল গফুর। একই সঙ্গে মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে তাঁর কিংবা জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মিজানুরকে তাঁর নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তাঁর কোনো ব্যক্তিগত বাসা নেই।
এর আগে কয়েকদিন আগে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।
এ ঘটনায় সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির লোকজন চাঁদা দাবি করেছিল। পরে অবশ্য তিনি জানান, চাঁদা চাওয়া হয়নি। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, সালমান মুক্তাদিরসহ যেসব কনটেন্ট ক্রিয়েটরদের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে অধিকতর দায়িত্বশীল হবেন।
এর আগে, ঘটনা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ওই ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। কিন্তু আপনি এত দায়িত্বশীল জায়গায় থেকেও মন্তব্যে বললেন, সালমান মুক্তাদির মামলা দায়ের করেন নাই। এমন কথা বলে এখানে আপনি সরকারকে ছোট করে ফেলেছেন।
পুলিশ বলছে, জমি নিয়ে একজন আবাসন নির্মাতা এবং এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।
ওই ঘটনা নিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে ভদ্রলোক ফেইসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে। সালমান ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পড়ুন : মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
সা/


