চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে তারা নদীতে ডুবে নিখোঁজ হলে বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. জহুরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের ৭ বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় জেসমিন ও ইসরাত। তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল পৌনে ৩টার দিকে জেসমিনের মরদেহ এবং বিকেল সাড়ে ৪টার দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান, নদীতে পানির পরিমাণ বেশি এবং তীব্র স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। এরপরও তাদের দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা নদীতে গোসল ও চলাচলের ক্ষেত্রে শিশুদের প্রতি আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

