পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫০ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিনে বলা হয়, সর্বশেষ ১১ জুন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মদিনায় মারা যান। তার বাড়ি সিলেট সদর এলাকায়।
এ পর্যন্ত মারা যাওয়া ৫০ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।
হাজিদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হাজি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
পড়ুন: প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র


