চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাউজানের বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ কিংবা দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আবার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়াও ঘটনার পেছনে কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
পড়ুন: নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল
আর/


