কয়েক দিন ধরে বন্ধ থাকার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী নৈশকালীন বাস (নাইট কোচ) সার্ভিস আগামীকাল থেকে পুনরায় নিয়মিতভাবে চালু হচ্ছে। কুড়িগ্রাম জেলা বিএনপি ও জেলা বাস মালিক সমিতির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বিভিন্ন কারণে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে নাইট কোচ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং চিকিৎসাসেবার জন্য রাজধানীগামী যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছিল। এতে সময় ও অর্থ—উভয়েরই অতিরিক্ত ব্যয় গুনতে হয়েছে সাধারণ মানুষকে।
পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা বিএনপি ও জেলা বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত যৌথ বৈঠকে রুট পরিচালনা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকসী, সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ খোকনসহ বিএনপি ও পরিবহন খাতের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল থেকে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে নাইট কোচ সার্ভিস পূর্বের ন্যায় নিয়মিতভাবে চলাচল করবে। বৈঠকে বক্তারা বলেন, জেলার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান বলেন, “জনস্বার্থে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি, পরিবহন সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হবে।”
জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “জেলার মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবহন ব্যবস্থা সচল রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। জনগণের সুবিধার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
এদিকে নাইট কোচ চলাচল পুনরায় শুরু হওয়ার খবরে ভূরুঙ্গামারীসহ আশপাশের এলাকার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


