ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট পেশ করার পর বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
তিনি বলেন, বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। কিন্তু এবার আল্লাহর রহমতে ব্যতিক্রম ঘটেছে। যে বাজেট উপস্থাপনের পর পণ্যের দাম বাড়ে না, সেটিই প্রকৃত অর্থে জনগণের পক্ষের বাজেট।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় নিজের ঢাকা থেকে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ সকালে ঢাকা থেকে প্লেনে ওঠার পর আমি পত্রিকাগুলোতে চোখ রাখছিলাম। দেখলাম, দেশের প্রায় সব পত্রিকাই কমবেশি একটি খবর প্রকাশ করেছে- গত পরশু বাজেট দেওয়ার পর বাজারে পণ্যের দাম বাড়েনি। আমরা এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জন্য বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে ট্যাক্স (কর) কমিয়ে এনেছি।
এর আগে, সকালে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেন।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারপ্রধান। সেখান থেকে পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।


