ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ওসি জেল্লাল হোসেন।
আটককৃতরা হলেন-ঝিনাইদহ সদরের নলডাঙ্গা এলাকার ননী গোপালের ছেলে বিশ্বজিৎ কর্মকার, নারিকেলবাড়ীয়া এলাকার আব্দুল মজিদ বিশাসের ছেলে আব্দুল আল মামুন ও কালীগঞ্জ উপজেলার রাকড়া এলাকার ইব্রাহিম খাঁর ছেলে সোবাহান খাঁ।
প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর চোর চক্র ও মোটরসাইকেল উদ্ধারে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালীগঞ্জ নিমতলা থেকে ২ টা, নারিকেলবাড়ীয়া থেকে ২ টা ও গাজীর বাজার থেকে ১টা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মোটরসাইকেল চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


