বন্ধুত্বের শিকড়কে আরও দৃঢ় করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বন্ধু মহল কুড়িগ্রাম’।
শনিবার বিকেলে কুড়িগ্রাম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর মনোরম তীরে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০০০ থেকে ২০০৩ সালের বন্ধুদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের উদ্যোক্তা মোঃ নাজমুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, আধুনিক ব্যস্ত জীবনে বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মূল্যবোধ দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় পুরোনো বন্ধুদের এক ছাতার নিচে এনে পারস্পরিক সহযোগিতা, মানবিক দায়িত্ববোধ এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়েই ‘বন্ধু মহল কুড়িগ্রাম’-এর যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের উদ্যোক্তা মোঃ নাজমুল ইসলাম মিলন বলেন, “বন্ধু মহল কুড়িগ্রাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও মানবিক উদ্যোগ। আমরা বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করতে চাই। অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে বন্ধু, স্বজন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। পাশাপাশি বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নিয়মিত সভা, পুনর্মিলনী এবং সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও মানবিক সংগঠন হিসেবে ‘বন্ধু মহল কুড়িগ্রাম’-কে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাসান জুবায়ের হিমেল, মোঃ তারিকুর রহমান হাসু, ফেরদৌস আল রুবেল, মেহেদী হাসান, মমিনুল ইসলাম, আলতাফ, রানা বাবু, ফরিদুল, মাহমুদুল হাসান, রেশমা, ফজলুল করিম ফারাজী সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠান শেষে সংগঠনের সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ‘বন্ধু মহল কুড়িগ্রাম’ ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের সঙ্গে যুক্ত হতে অথবা বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের মোঃ নাজমুল ইসলাম মিলনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন- বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


