নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি মজবুতকরণ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদলকে একটি সুসংগঠিত, আদর্শভিত্তিক ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলা ছাত্রদল আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে উঠবে।
পড়ুন : দুর্গম চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৭শত মানুষ


