২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেয়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের বিব্রতকর পরাজয়ের একদিন পরই জাতীয় দলের প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। যদিও তিউনিসিয়া ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দেয়নি এবং নতুন কোচের নামও প্রকাশ করেনি।
৫৪ বছর বয়সী সাবরি লামুচির তিউনিসিয়া অধ্যায় ছিল খুবই সংক্ষিপ্ত। জাতীয় দলের দায়িত্বে তিনি মাত্র পাঁচটি ম্যাচ পরিচালনা করেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও পরবর্তী চার ম্যাচে তার দল মাত্র একটি গোল করতে সক্ষম হয়। এর মধ্যে গত ৩১ মার্চ কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তিউনিসিয়া।
ফ্রান্সে জন্ম নেওয়া লামুচির দ্বৈত নাগরিকত্ব রয়েছে-ফরাসি ও তিউনিসিয়ান। খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার হিসেবে তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি স্টাড রেনেস এফ.সি., নটিংহাম ফরেস্ট এফ.সি. এবং আইভরি কোস্ট জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্টকে তিনি ২০১৪ বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছিলেন।
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়ার পরিস্থিতি এখন বেশ কঠিন। রোববার দিনের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। অন্যদিকে বড় ব্যবধানে হারায় তিউনিসিয়া কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে রয়েছে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে থাকা তিউনিসিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। আগামী ২১ জুন তারা মুখোমুখি হবে ১৮তম স্থানে থাকা জাপানের। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ৮ নম্বর র্যাঙ্কধারী নেদারল্যান্ডসের বিপক্ষে।
পড়ুন : ইরান ফুটবল দলের সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রশ্ন এড়িয়ে গেলেন কোচ


