ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে দেশে ফিরে আসার বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটির তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি বাংলাদেশে ফিরে আসেন। তবে দিল্লি বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল—এমন তথ্য সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
ভারতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্পষ্ট করে তথ্য উপদেষ্টা বলেন, এই ঘটনায় আমাদের হাইকমিশনারের কোনো দোষ ছিল না। আর রাষ্ট্র বা সরকারের দায়িত্বের জায়গা থেকেই এই সিদ্ধান্ত (দেশে ফেরা) নেওয়া হয়েছে, এখানে আমাদের ওপর কেউ কোনো চাপ তৈরি করেনি।
তিনি আরও যোগ করেন, এই নীতি শুধু ভারতের জন্য নয়, বিশ্বের অন্য কোনো দেশ যদি বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে এমন আচরণ করে, তবে তাদের সঙ্গেও একই অবস্থান নেওয়া হবে।এই ঘটনার পরও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এর আগে, গত রোববার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন জাহেদ উর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হন। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করানোর পর তিনি দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পড়ুন: ড্রয়ে শেষ ইরান-নিউজিল্যান্ড ম্যাচ
আর/


