শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। আজ বুধবার বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামস্থ শহীদ আবরার ফাহাদের কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ আবরার ফাহাদের চাচা রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ এনামুল হকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আবরার ফাহাদ হত্যাকান্ডের ৭ বছর পেরিয়ে গেলেও বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার বিকেলে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ এনসিপির নেতাকর্মীরা কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় গিয়ে তার কবর জিয়ারত করেন।
এসময় আবরার ফাহাদ হত্যাকান্ডের ৭ বছর পেরিয়ে গেলেও বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতৃবৃন্দ।
পড়ুন : চরফ্যাশনে নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের দেয়া হলো সংবর্ধনা


