গাজীপুর মহানগরীর ৭ নম্বর জোনের ৮ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ী চার রাস্তা থেকে দেওয়ালিয়াবাড়ী দিঘীর পাড় পর্যন্ত সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ এক যুগ পর শুরু হওয়া এ সড়ক নির্মাণ কাজেও অনিয়ম ও দুর্নীতির ছাপ দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আর এন ইয়াকুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রিপনের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ চলছে। তবে এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রোলার ব্যবহার করা হচ্ছে না। নামমাত্র রোলার চালিয়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাদের।
এলাকাবাসী আরও জানান, নির্মাণকাজ চলাকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তদারকি খুব একটা চোখে পড়েনি। এছাড়া সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত সাইনবোর্ড নির্মাণস্থলে প্রদর্শনের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো সাইনবোর্ড দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুশি ছিলাম। কিন্তু কাজের মান নিয়ে এখন উদ্বিগ্ন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে রাস্তা বেশিদিন টিকবে না।”
এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী অঞ্চল-৭ এর সহকারী প্রকৌশলী তারেক হাসান বলেন, “নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। আমরা নিয়মিত তদারকি করছি এবং কাজের মান নিশ্চিত করা হচ্ছে।”
তবে স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পড়ুন- আদিতমারীতে শিশু হত্যা : পুলিশের গাড়িবহরে হামলা, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর


