গাইবান্ধায় এক সাথে তিন কিশোর পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। ১৫ বছর বয়সী নিহত কিশোরের নাম রাহত। স্থানীয়রা তাকে গাটু নামে চেনেন। নিহত রাহাত হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার ( ১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫ টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল আকারের হাওয়াই দিঘিতি গোসল করতে নামে সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়দের খবরে নিহতের বাড়িতে পুলিশ গেলে নিহতের পরিবার তাদের সন্তানকে পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে রাত দশটার দিকে ঘটনাস্থলে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আগামীকাল গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেন নাই।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

