ঢাকার ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব আয়োজিত এ ফাইনালে মুখোমুখি হয় মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি ও সুজন লিটন একাদশ ঢাকা।
দেপাশাই বয়েজ ক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনালে কালামপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সামছুল হক।
এ সময় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকের ভয়াবহতা থেকে তাদের দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ধামরাই উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ রবিন, মো. আব্দুস সামাদ খান, মো. আকবর আলী খান, স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরহাদ হোসেন, শহিদুল্লাহ, মো. আবুল হোসেন, আখতারুজ্জামান লিটন, মো. এইচএম রোস্তম ও মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সালাউদ্দিন। ধারাভাষ্যকার ছিলেন আলতাব হোসেন লাভু।
টানটান উত্তেজনার ফাইনালে সুজন লিটন একাদশ ঢাকা ১-০ গোলে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলের হাতে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়।
পড়ুন : দৌলতদিয়ার পদ্মায় গোসল করতে নেমে আট বছরের শিশু নিখোঁজ


