চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসীকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে (৪৪) আটক করেছে পুলিশ।
নিহত সিরাজুল ইসলাম কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত বক্সু মিয়ার ছেলে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুসুমপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের দুটি সংসার ছিল। প্রথম স্ত্রী চট্টগ্রাম শহরে বসবাস করেন। প্রথম সংসারে তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী ববি আক্তার গ্রামের বাড়িতে থাকতেন এবং তাঁদের এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী ববি আক্তার ও তাঁর স্বজনরা সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মো. বদিউল আলম বলেন, “আমার মামাকে সম্পত্তির লোভে দ্বিতীয় স্ত্রী ও তাঁর বাপের বাড়ির লোকজন মারধর করে হত্যা করেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


