প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বুধবার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা ঘুরে দেখেন এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।
খুলনা শিপইয়ার্ড বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং দক্ষ মানবসম্পদের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে খুলনা শিপইয়ার্ডের গুরুত্ব অত্যন্ত বেশি।
পরিদর্শনের সময় এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিপইয়ার্ডের কর্মপরিকল্পনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া তিনি প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা ও বিদ্যুৎ শপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের আধুনিক উৎপাদন অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।
পড়ুন:কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


