নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবারের জন্য নির্ধারিত বনরুটি অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক অসাধু ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বনরুটি।
বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুরের দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য নির্ধারিত বনরুটি নির্দিষ্ট ও অনুমোদিত কারখানায় উৎপাদনের নিয়ম রয়েছে। কিন্তু দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ এলাকার ‘ভাই ভাই’ বেকারি নামের প্রতিষ্ঠান এই নিয়ম তোয়াক্কা না করে সরকারি প্যাকেট ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই বনরুটি উৎপাদন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে প্রশাসন জানতে পারে, শিবগঞ্জ ঘাট হয়ে এই অবৈধ বনরুটির চালান পরিবহন করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রশাসন সেখান থেকে ১০টি বস্তায় ভরা ৯০০ প্যাকেট অবৈধ বনরুটি জব্দ করে। এ সময় চালানটি পরিবহনের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
অবৈধভাবে সরকারি শিশুদের খাবার উৎপাদন, প্যাকেটজাতকরণ এবং পরিবহনের দায় স্বীকার করায় ব্যবসায়ী সাইফুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, “প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার মিড ডে মিল কর্মসূচি চালু করেছে। নির্ধারিত ও মানসম্মত স্থানের বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে সরকারি প্যাকেট ব্যবহার করে ‘ভাই ভাই’ বেকারি বনরুটি তৈরি করছিল, যা সম্পূর্ণ বেআইনি এবং শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
প্রশাসনের এমন ত্বরিত পদক্ষেপে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং শিশুদের খাবার নিয়ে ছিনিমিনি খেলা অসাধু চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


