‘বাতাসকে রাখবো কার্বন মুক্ত, মাটিকে রাখবো বিষমুক্ত’- সময়োপযোগী এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার আমতলায় অনুষ্ঠিত হলো কৃষি প্রতিবেশ বিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক দিনব্যাপী ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা ও কৃষক সমাবেশ।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয় আমতলার বিশ্বনাথপুরস্থ এগ্রো ইকোলজি লার্নিং সেন্টারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রাণবন্ত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী গাছগড়িয়া, বিশ্বনাথপুর ও পাঁচকাহনীয়া গ্রামের শতাধিক কৃষক, কৃষাণী এবং স্থানীয় যুব সংগঠনের উদ্যোমী সদস্যরা।
অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের অধিকার এবং পরিবেশ রক্ষার তাগিদ উঠে আসে বক্তাদের আলোচনায়। কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নিজস্ব খাদ্য সার্বভৌমত্ব অর্জনে তৃণমূল পর্যায়ে কৃষকদের করণীয় কী- এসব বিষয় নিয়ে তথ্যবহুল ও বিস্তারিত আলোচনা করেন বারসিকের কর্মকর্তা শংকর ম্রং।
অন্যদিকে, বিশ্বনাথপুর গ্রামকে মডেল ‘সবুজ গ্রাম’ হিসেবে গড়ে তোলার রূপরেখা নিয়ে কথা বলেন খাদিজা আক্তার লিটা। তিনি পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের দায়িত্ব ও সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কেবল গৎবাঁধা আলোচনাই নয়, বিষয়গুলোকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার। কৃষি প্রতিবেশ ও জলবায়ু ন্যায্যতার মতো গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো সহজবোধ্য করে তুলতে আসরে বাউল গান পরিবেশন করে স্থানীয় সিংহের বাংলা আদি সাংস্কৃতিক সংগঠন। গানের সুরে সুরে মাটি, জল ও প্রকৃতির প্রতি মানুষের চিরন্তন দায়িত্ববোধের কথা তুলে ধরেন শিল্পীরা।
অনুষ্ঠানের শেষভাগে এক ভিন্নধর্মী চিত্র চোখে পড়ে। উপস্থিত কৃষকরা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে নিজেদের নায্য অধিকার ও দাবিগুলো জনসমক্ষে তুলে ধরেন। এরপর স্থানীয় কৃষক, যুবসমাজ ও আয়োজকরা সম্মিলিতভাবে গ্রাম ও কৃষির সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করেন।
পরিশেষে, বিশ্বনাথপুরকে সম্পূর্ণ কার্বনমুক্ত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বারসিকের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের মাঝে দেশীয় প্রজাতির স্থানীয় জাতের গাছের চারা বিতরণ করা হয়। এই উদ্যোগ উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে বিএনপির দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি


