নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মো. শাহিন মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃত শাহিন মিয়া পূর্বধলা থানার বড়রিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। এলাকায় তিনি মজিদ নামেও পরিচিত।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে, একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে পূর্বধলা থানাধীন বড়রিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে আসামি শাহিন মিয়ার নিজ বসতঘরের ভেতর থেকে তাকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণেরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, পূর্বধলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে আসামি শাহিন মিয়াকে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশ শেষে পুলিশ প্রহরায় কারাদণ্ড প্রাপ্ত আসামি মো. শাহিন মিয়াকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

