ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদও জানান তিনি।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাবেদ আলম কিরণ অভিযোগ করেন, ঢাকা ও সোনাইমুড়ী এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
তিনি জানান, ওই চক্রের এক সদস্য ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে তার কাছ থেকে দুই বছর আগে টাকা ধার নেন। পরে সেই টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ২০২৫ সালের শুরুর দিকে তাকে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং দুই দিন আটকে রাখে।
তিনি আরও দাবি করেন, তার গাড়িচালকের সঙ্গে যোগসাজশ করে তার অজান্তে গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়। এর মাধ্যমে তার গতিবিধি অনুসরণ করে ঢাকা, সোনাইমুড়ীসহ বিভিন্ন স্থানে একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় গত ডিসেম্বর মাসে সোনাইমুড়ী থানায় শাহাদাত, নজরুল, আনোয়ার চেয়ারম্যান, ফিরোজ’সহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন বলে জানান তিনি। তবে ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। এতে করে যেকোনো সময় তার জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সংবাদ সম্মেলনে জাবেদ আলম কিরণ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি সরকারের ঊর্ধ্বতন মহল ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


