আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেন ব্যবস্থায় আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন।
রোববার (২১ জুন) সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। নতুন এই ব্যবস্থায় কারাগারের ভেতরে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, আধুনিক ও সুরক্ষিত এই ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাগারের ভেতরে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে ওয়ার্ডভিত্তিক বন্দিদের সঠিক গণনা এবং সামগ্রিক নিরাপত্তা তদারকি আরও কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় বন্দিদের আত্মীয়স্বজন কারাগারে এসে তাদের জন্য যে অর্থ জমা দেবেন, তা সরাসরি ভার্চুয়ালভাবে নির্দিষ্ট বন্দির অ্যাকাউন্টে যুক্ত হবে। এরপর বন্দিরা তাদের আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রী কিনতে পারবেন। এতে কারাগারের ভেতরে নগদ অর্থের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, আত্মীয়রা অর্থ জমা দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা গ্রহণ করে হিসাবভুক্ত করবেন এবং বন্দির কার্ডে যুক্ত করবেন। এই নগদ অর্থ সরাসরি ব্যাংকে জমা হবে এবং বন্দির অ্যাকাউন্টে ভার্চুয়াল ব্যালেন্স হিসেবে যুক্ত থাকবে। বন্দিরা ওই কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে ক্যান্টিন থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
জামিনে মুক্তির পর বন্দির অ্যাকাউন্টে কোনো অর্থ অবশিষ্ট থাকলে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, রকেট, নগদসহ নির্ধারিত এজেন্টের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কারা প্রশাসন সূত্রে জানা গেছে, এই উদ্যোগের ফলে কারাগারে দুর্নীতি ও অনিয়ম কমবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বন্দিদের অর্থের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর কারিগরি সহযোগিতায় রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, “মুন্সিগঞ্জ জেলা কারাগারকে প্রযুক্তিনির্ভর ও মানবিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগারে রূপান্তর করা হয়েছে। এটি ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল বাস্তবায়ন করা হবে।”
পড়ুন: আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ শ্রমবাজারের দুয়ার কি খুলবে?
আর/


