গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে শাহীন হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার বলেন, আমার ছোট ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তার বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানায় শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে ডুকে খাটে লাশ পায়। আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বাসার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি


