মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আকস্মিক এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় এ বিস্ফোরণের অভিঘাতে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেছিলেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।
তবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে টেকনিক্যাল ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে বিশেষ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস কিংবা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই কাতার পুলিশ বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
পড়ুন: মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়
আর/


