গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য মোঃ মজিবুর রহমান বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২২ জুন) কালিয়াকৈর সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন করলেই হবে না, তাদেরকে দক্ষতা ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর ফলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ সহকারে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আনম ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক রাজিব।
অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


