কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ফেনীতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দমে না, থামে না, এই প্রত্যয়ে পথচলার ১৪ বছর পূর্তি উপলক্ষে সোমবার ফেনী প্রেস ক্লাবে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। একাত্তর টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
একাত্তর টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক , অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার ও জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একাত্তর টেলিভিশন দেশের গণমাধ্যমে আস্থা ও নির্ভরতার একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সত্য ও জনস্বার্থের পক্ষে প্রতিষ্ঠানটির নির্ভীক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সিনিয়র সাংবাদিক ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আবু তাহের,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম , আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ , ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, সাপ্তাহিক উদয় সম্পাদক সাঈদ খান, চ্যানেল ২৪ ও সমকালের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম ফরায়েজী, খেলাফত মজলিসের ফেনীর জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্যাহ আহমদী , জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী , চ্যানেল আই জেলা প্রতিনিধি শফিউল্লাহ রিপন , ফেনী ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ,দৈনিক কালবেলা পরশুরাম প্রতিনিধ আবু ইউসুফ মিন্টু, আরটিভি প্রতিনিধি এম এ আকাশ, বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি সাদ্দাম গনি, জেলা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন স্বপন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইকবাল হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভ।
সভাপতির বক্তব্যে একাত্তর টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান সিদ্দিক আল মামুন বলেন, একাত্তর টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন, গণসচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনয়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তাই সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ও নৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সমাজের কল্যাণে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক সমস্যা মোকাবিলা ও উন্নয়নের পথ আরও সুগম হয়।একাত্তর টেলিভিশন সবসময় মানুষের কথা, জনস্বার্থের বিষয় এবং উন্নয়নমূলক উদ্যোগকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ফেনীর মানুষের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও শুভকামনাই একাত্তর টেলিভিশনের পথচলার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একাত্তর টেলিভিশন অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

