বিজ্ঞাপন

চার মাসের অপেক্ষার অবসান, হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি সফলভাবে প্রণালিটি অতিক্রম করে। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। মেরিনট্রাফিক ডটকম ও ভেসেল ফাইন্ডারের লাইভ ট্র্যাকারে জাহাজটির অবস্থানও নিশ্চিত হয়েছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ এবং সুস্থ রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাজটির যাত্রাপথে জটিলতার সূচনা হয়। ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে জাহাজটি।

এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরেই আটকা পড়ে এটি।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করে বিএসসি। সংঘাতপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে হয় জাহাজটিকে।

পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ এপ্রিল কেপটাউনের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করে ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু ১০ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি। ওই পরিস্থিতিতে ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয় এটি।

সবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি এবং বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাহাজটির যাত্রাপথের জটিলতা কাটে। এর ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে ‘বাংলার জয়যাত্রা’, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।

পড়ুন: মেসি ম্যাজিকে নকআউটে আর্জেন্টিনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন