জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার সাক্ষ্যপর্ব শুরু হবে।
এর আগে গত ১৭ জুন এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দিয়ে ২৩ জুন নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের দায়ের করা তিনটি অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন ধরনের উসকানিমূলক ভূমিকা পালন করেন কামরুল ও মেনন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারির প্ররোচনা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।
পড়ুন: ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনোর শঙ্কা, বাড়তে পারে বৈশ্বিক দুর্যোগ


