নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘরে বসে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে, গতকাল (সোমবার) বিকেল ৫টার দিকে দুর্গাপুর থানাধীন দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দুর্গাপুরের দক্ষিণপাড়া গ্রামের রতন সিংয়ের ছেলে অনিক সিং (২০), দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) এবং ঘাগড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (২৭)। এদের মধ্যে অনিক সিং ও ঘাগড়া গ্রামের রফিকুল ইসলামকে তিন মাস করে এবং আশ্রয়ন প্রকল্প এলাকার রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এক আসামির বসতঘরে অভিযান চালায় তাদের একটি আভিযানিক দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে তিনি তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
পড়ুন : দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে অবস্থান কর্মসূচি


