পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু৷ বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রতি হিসাবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে।
খাল খননে কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে আগামী পাঁচ বছরে প্রায় সাত হাজার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে হাজারো মানুষের কাজের ব্যবস্থা হবে৷ অন্য দিকে কৃষক ফসল উৎপাদন করতে সফলতা পাবে৷
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, প্রকল্প কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরি রবিন সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


