জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’-এর অভিনেতা ববি জে. ব্রাউনের মৃত্যুর চার মাস পর প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর কারণ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি খামারের গোয়ালঘরে (বার্ন) অগ্নিকাণ্ডে প্রাণ হারান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রধান মেডিকেল পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, অতিরিক্ত তাপজনিত আঘাত এবং ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করাই তার মৃত্যুর কারণ। কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে আটকা পড়েন ববি জে. ব্রাউন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ব্রাউনের মেয়ে রেইনা জানান, গভীর রাতে একটি ফোনকলের মাধ্যমে তিনি বাবার মৃত্যুর খবর পান। হঠাৎ পাওয়া সেই সংবাদ বিশ্বাস করতে পারেননি তিনি। রেইনার বলেন, আমার ছোট বোন ফোন করে কাঁদছিল। সে বলল, বাবা আর নেই, তিনি আগুনে আটকা পড়েছিলেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।ঘুম ভাঙার পর আমি খালি পায়ে বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি স্বপ্ন দেখছি না। এখনও মনে হয় না ঘটনাটা সত্যি।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, আগুন ছড়িয়ে পড়ার সময় ববি জে. ব্রাউন একটি অগ্নিনির্বাপক যন্ত্র আনার জন্য পরিবারের একজনকে ডাক দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই আগুনের মধ্যে আটকা পড়ে যান। তার এজেন্ট আলবার্ট ব্রামান্তে এক বিবৃতিতে বলেন, ববি জে. ব্রাউন ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন অভিনেতা এবং আরও বড় মাপের একজন মানুষ। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।
ওয়াশিংটন ডিসিতে জন্ম নেয়া ববি জে. ব্রাউন অভিনয়ে আসার আগে একজন সফল বক্সার ছিলেন। তিনি পাঁচবার গোল্ডেন গ্লাভস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে নিউইয়র্কের আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টসে প্রশিক্ষণ নেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘দ্য ওয়্যার’, ‘দ্য কর্নার’, ‘উই ওন দিস সিটি’, ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’ এবং ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এর মতো জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি তথ্যচিত্র নির্মাণেও যুক্ত ছিলেন। প্রাণী কল্যাণে কাজের জন্যও পরিচিত ছিলেন এই অভিনেতা। তার মৃত্যুতে হলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


