সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এক ছাত্র।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে।
জানা গেছে, তিনজন মাদ্রাসা ছাত্র উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। তাদের মধ্যে একজন কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালান। পরে দুপুর ১২টার দিকে দুই ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুন : রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বসতঘরে হামলা ও ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট


