চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়া গভর্নরেটের জাওতার এবং মিফদুন শহরকে সংযোগকারী একটি সড়কে একটি হোন্ডা সিআর-ভি গাড়িতে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ সংস্থাটি আরও জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার আগে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করার পর ইসরায়েলি সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় শহর আইন আরবের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
এনএনএ জানিয়েছে, একটি ডি৯ বুলডোজারসহ ইসরায়েলি সামরিক টহল দল শহরটিতে অভিযান চালায় এবং এর মেয়রকে বাসিন্দাদের বিকেল ৫টার মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে বাড়িগুলো ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
সংস্থাটি আরও জানায়, লেবাননের সেনাবাহিনী প্রতিবেশী শহর মারির সাথে সংযোগকারী রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার পর আইন আরবের বাসিন্দারা বুধবার সকালে তাদের শহরে ফিরেছেন, যা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল।
লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের অভিযানে প্রায় ৪ হাজর ২০০ জন নিহত, ১২ হাজার জনেরও বেশি আহত এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে দুই পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে লেবাননসহ একাধিক রণাঙ্গনে শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে তাদের দখলে এবং অন্যগুলো ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে। তাদের সর্বশেষ অভিযানে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ১০ কিলোমিটারেরও (৬.২ মাইল) বেশি অগ্রসর হয়েছে।
সূত্র : আনাদুলু
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

