চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৪২) উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলছিলেন। একপর্যায়ে তিনি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে তিনি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার ভয়াবহতায় তাঁর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি ঢাকামুখী লেনে ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মহিউদ্দিনের মৃত্যুর খবরে স্বজন, সহকর্মী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
পড়ুন : ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা


