দিনাজপুরের হাকিমপুরের বৈগ্রাম দক্ষিণ পাড়ায় পুকুরের পানিতে ডুবে রোহান (৭) নামের প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেলা আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে বৈগ্রাম ভাত ভাঙা কবরস্থান সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার হারুনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে এগারোটার দিকে রোহান বাড়ি থেকে বের হয়ে ভাতভাঙা কবরস্থানের পুকুর পাড়ে যায়। সেখানে পুকুরে মহিষের গোসল করানো হচ্ছিল। কৌতুহলী রোহান পুকুর পাড়ে দাঁড়িয়ে মহিষের গোসল দেখছিল। একপর্যায়ে খেলার ছলে সে পুকুরের পানিতে নেমে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায়।
এদিকে রোহানকে বাড়িতে না পেয়ে তার বাবা-মা ও আত্মীয়-স্বজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে যারা পুকুরে মহিষ গোসল করাচ্ছিলেন, তারা জানান যে কিছুক্ষণ আগেও রোহানকে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
যারা মহিষ গোসল করিয়েছিলো, তাদের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুকুরের পানিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির নিচ থেকে রোহানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই রোহানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রোহানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পড়ুন : আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক


