কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউন করেছে জেলা মাজলিসুল উলামা ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ গোহাটি থেকে শুরু হওয়া মিছিলটি শহরের পাঁচুর মোড়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে পুনরায় শোডাউন দিয়ে একই স্থানে গিয়ে কর্মসূচি শেষ করা হয়।
জেলা মাজলিসুল উলামা ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহসভাপতি আবু সাইম, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, প্রচার ও আইটি মিহাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মুসলিম দেশে কালিমার অবমাননা মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কালিমা খচিত পতাকা অপসারণের জেরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
পড়ুন : ইয়া হোসেন’ ধ্বনিতে মুখর সৈয়দপুর, ৭৫ বছরের ঐতিহ্যে পবিত্র আশুরার বর্ণাঢ্য আয়োজন


