দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্বাঞ্চলে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগকে ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।
উচ্চ মাধ্যমিক পরিক্ষার নতুন এ কেন্দ্রকে ঘিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শনিবার দুপুরে ৪নং চর হাই স্কুল এন্ড কলেজের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলা পালোয়ান।
এ সময় উপস্থিত ছিলেন গোঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, গোয়ালেরচর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, শেরপুরের কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ রাজন চৌধুরী, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বাবুল সরকার, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল্লাহ বেপারী এবং চরগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহজামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জানানো হয়, এ বছর প্রথমবারের মতো গোঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং গোয়ালেরচর হাই স্কুল অ্যান্ড কলেজ ও সভারচর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীরা অনুমোদিত ৪নং চর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
স্থানীয়দের ভাষ্য, ইসলামপুরের পূর্বাঞ্চলে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি এ উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সভাপতির বক্তব্যে হামিদুর রহমান মলিন বলেন, স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর আন্তরিক প্রচেষ্টায় এ বছর এই অঞ্চলে এইচএসসি পরীক্ষা কেন্দ্র চালু হচ্ছে। এটি শুধু একটি কেন্দ্র নয়, পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরীক্ষা আয়োজন নিশ্চিত করব এবং পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করব।
তিনি আরও বলেন, নতুন এই পরীক্ষা কেন্দ্রের সুনাম রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।


