মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’ এখন দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী আলো ছড়াচ্ছে। আমেরিকা ও কানাডায় ছবিটি পরিবেশক বায়োস্কোপ ফিল্মস। কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই প্রথম আমেরিকার বিখ্যাত ব্রডকাস্ট কোম্পানি এনপিআর এর মাধ্যমে তাদের এক হাজারটি স্টেশনে অফিশিয়ালি রিভিউড হবার জন্য সিলেক্ট হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব দরবারে বিশেষ করে অস্কার, বাফটাসহ বিভিন্ন বিশ্বমানের ইভেন্টের মনোনয়নের জন্য আন্তর্জাতিক ব্রডকাস্ট প্লাটফর্মে সেই মুভি নিয়ে আলোচনায় স্থান পাওয়াটা খুব জরুরি। এ বছর বায়োস্কোপ ফিল্মস তাদের ৫৫তম ডিস্ট্রিবিউশন হিসেবে ‘রইদ’ সিনেমাটি আমেরিকা ও কানাডায় একাধিক সিনেমা হলে মুক্তি দিয়েছে। প্রতিবছরই বায়োস্কোপ ফিল্মস তাদের পরিবেশিত একটি মুভিকে অস্কার মনোনয়নের জন্য রীতি অনুযায়ী প্রতিটি ধাপ সম্পন্ন করার চেষ্টা করে।
এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা এনপিআর-এর মতো কোনো বড় প্লাটফর্মে রিভিউয়ের জন্য সিলেক্ট হলো। এটি আমেরিকার জাতীয় রেডিও এনপিআর (ন্যাশনাল পাবলিক রেডিও)। গোটা আমেরিকায় যাদের এক হাজারটি স্টেশন রয়েছে। এবং স্পিলবার্গ থেকে শুরু করে সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই স্টেশনে সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারা মুভির কনটেস্ট ও ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে সিলেক্ট করে যে, কোনো সিনেমাটিকে তারা তাদের রিভিউ সেকশনে স্থান দেবে। সেই বিবেচনায় তারা ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে। এরপরই মূলত মুভিটির একটি ড্রাফট তাদের কাছে দিতে হয়। তারা বিস্তারিত দেখে বিচার করে তবেই সিদ্ধান্ত নেয় যে, মুভিটি তারা রিভিউ করবে কি-না।
সেই হিসেবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র এই প্রথম এমন একটি মাইলফলক ছুঁতে পারলো।
এ প্রসঙ্গে ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, আমরা প্রতিবছরই একটি বাংলা ছবি নিয়ে সর্বোচ্চ প্লাটফর্মের স্বীকৃতির জন্য চেষ্টা করি। এই পথ মসৃন নয়, তা আমরা জানি। তবে অসাধ্যও নয়। তাই আমরা একটু একটু করেই বাংলা ছবির পতাকা নিয়ে এগিয়ে যেতে চাই। রইদ মুভিটি নিয়ে আমেরিকার জাতীয় রেডিওতে এই সিলেকশন আমাদের বড় সাফল্য বলে মনে করি।
এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ছবিটি নির্মাণ করি নিজের ভালোবাসা আর মায়া থেকে। এরপর ছবিটি বিভিন্ন মানুষের কাছে যেতে থাকে। আমেরিকার ন্যাশনাল রেডিওতে একটি বাংলাদেশি মুভি নিয়ে একটা দীর্ঘদিন আলোচনা হবে এটি একজন নির্মাতা হিসেবে অবশ্যই আনন্দের।
রইদ চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়াও ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা গাজী রাকায়েত। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

