গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযানে ৭৪ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ সময় আরও তিনজন অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ জুন) দুপুরে কাশিমপুর থানাধীন নয়াপাড়া রওশন মার্কেট এলাকায় কথিত মাদক কারবারি মরিয়মের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আলাল, দুলাল ও মরিয়মকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোজার মিল এলাকার ডালাস সিটিতে আব্দুল মান্নানের বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নাসিমা খাতুন ও ফরিদা ফজলিকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানে আলালের কাছ থেকে ১১ গ্রাম, দুলালের কাছ থেকে ১০ গ্রাম, নাসিমা খাতুনের কাছ থেকে ২৭ গ্রাম এবং ফরিদা ফজলির কাছ থেকে ২৬ গ্রামসহ মোট ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রবিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক আরও তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পড়ুন : দোহারে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন


