নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ছাগলসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সদর উপজেলার ছেঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাগলগুলো উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর এলাকার মো. শহিদ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার মো. আব্দুল আজিদের ছেলে মো. সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাইমারি স্কুলের সাথে) এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন (রবিবার) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও এলাকার ইব্রাহিম হোসেন তার পালিত তিনটি ছাগল ঘাস খাওয়ার জন্য নিজ বাড়ির সামনে পাকা রাস্তার পাশে খুঁটি দিয়ে বেঁধে রাখেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখেন ছাগল তিনটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই পূর্বধলা থানায় চুরির মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তদন্ত শুরু করেন এবং ছাগলগুলোর সন্ধানে নামেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর থানাধীন ছেঙ্গার মোড় নামক স্থান থেকে ছাগল চোর চক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া তিনটি ছাগল অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের আজ (সোমবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।
পড়ুন- সংঘাত থামিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, সৌদি-কাতার নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন


