চট্টগ্রামের বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক।
ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা দেওয়া হচ্ছে। কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, ২৯ ও ৩০ জুন অনুষ্ঠিত এ দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা তাদের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ। নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে কর্মীদের জন্য একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এন মোহাম্মদ কর্তৃপক্ষ বলেন, এ উদ্যোগ শুধু বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং কর্মী ও তাদের পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা এবং কল্যাণমুখী উদ্যোগের একটি ইতিবাচক পদক্ষেপ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

